প্রতিষ্ঠানের ইতিহাস

১৯৮৩ ইং সালের ১ জানুয়ারি এই বিদ্যালয়টি স্থাপিত হয় তিয়শ্রী এন. এইচ. খান একাডেমী নামে, যার পূর্ণ নাম তিয়শ্রী নূরেল হোসেন খান একাডেমী। বিদ্যালয়টি নেত্রকোণা জেলার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী তিয়শ্রী গ্রামের ধলাই নদীর তীরে প্রাকৃতিক মনোরম পরিবেশে এই প্রতিষ্ঠানটি অবস্থিত। ১৯৮১ ইং সালে সামরিক শাসন জারি করার পর ৯ম পদাতিক ডিভিশনে কর্মরত লে. কর্নেল সৈয়দ আতাউল হক, জিওসি মেজর জেনারেল আব্দুর রহমান সাহেবের পরামর্শক্রমে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব আব্দুর রশিদ চৌধুরী ও বিদ্যালয় পরিদর্শক জনাব গিয়াস উদ্দিন এবং অত্র এলাকার সমাজসেবক, গণ্যমান্য ও শিক্ষানুরাগী ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় তিয়শ্রী বাজার সংলগ্ন উত্তর পাশে ছনের ঘর নির্মাণ করে শ্রেণি কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে তিনি ০.৩৮ একর জমি ক্রয় করে বিদ্যালয়ের নামে দান করেন। লে. কর্নেল সৈয়দ আতাউল হক সাহেব বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় জমি ও নগদ অর্থ প্রদান করেন এবং তাঁর নানা মরহুম নূরেল হোসেন খান সাহেবের নামে বিদ্যালয়টি নামকরণ করা হয়।

বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা লে. কর্নেল সৈয়দ আতাউল হক (অব.) একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক, যিনি শিক্ষার মাধ্যমেই জাতির উন্নয়ন সম্ভব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তাঁর যোগ্য নেতৃত্ব ও ত্যাগের ফলে আজ তিয়শ্রী নূরেল হোসেন খান একাডেমী একটি উচ্চ মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়টি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল অবহেলিত, অনগ্রসর গ্রামীণ শিক্ষার্থীদের জন্য মান সম্মত শিক্ষার সুযোগ তৈরি করা এবং তাদের উচ্চ শিক্ষায় অগ্রসর হতে সহায়তা করা। বর্তমানে এখানে আধুনিক পাঠদান পদ্ধতি, প্রশিক্ষিত শিক্ষকবৃন্দ ও সমৃদ্ধ পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাত্মক উন্নয়নের সুযোগ প্রদান করা হচ্ছে।

এই একাডেমীটি শুধু পাঠ্যশিক্ষা নয়, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে বিশেষ গুরুত্ব দেয়। এভাবেই তিয়শ্রী নূরেল হোসেন খান একাডেমী তার অবস্থান প্রমাণ করেছে এবং আগামী দিনের জন্য সৎ, যোগ্য ও আলোকিত নাগরিক তৈরিতে অবদান রাখছে।